logo

হরমুজ নিয়ন্ত্রণে রেখে বছরে ১৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ইরানের

হরমুজ নিয়ন্ত্রণে রেখে বছরে ১৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ইরানের

ইরান অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। দেশটির মুদ্রা রিয়ালকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে এই চেষ্টা চালিয়ে নেওয়া হবে জানিয়েছেন ইরানের একজন সংসদ সদস্য।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডের সদস্য আহমদ নাদেরি বলেন, এই পরিকল্পনার মাধ্যমে সমুদ্রপথে চলাচল সংক্রান্ত সব ধরনের অর্থ লেনদেন রিয়ালে করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আঞ্চলিক বাণিজ্যে ইরানি মুদ্রার ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, হরমুজ প্রণালির নৌযান চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা থেকে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় হতে পারে। তবে বিভিন্ন বিশ্লেষণে যে অতিরিক্ত আয়ের হিসাব দেখানো হচ্ছে, তা অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তেহরানের এই সংসদ সদস্য আরও সতর্ক করে বলেন, হরমুজকে ঘিরে অবাস্তব ও আবেগনির্ভর প্রচারণা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা প্রতিপক্ষের কৌশলের অংশ হতে পারে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে ওয়াশিংটন-তেহরান আলোচনায় অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জারির ফলে উত্তেজনা আরও বেড়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজ ভাড়া ও বিমা খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।