ইসরায়েলি হামলায় ২ লেবানিজ সাংবাদিক নিহত

দক্ষিণ লেবাননের একটি গণমাধ্যমের গাড়িতে ইসরায়েলি হামলায় দুই লেবানিজ টিভি সাংবাদিক নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কোনো সাংবাদিক নিহত হলো।
শনিবার (২৮ মার্চ) দেশটির সম্প্রচারমাধ্যম আল মানার টিভির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দাবি, এই হামলার ঘটনায় গাড়িতে বা তার আশপাশে থাকা তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। যদিও তাদের সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এ ঘটনায় রয়টার্সের মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এর আগে, গত ২৫ মার্চ ইসরায়েলি হামলায় লেবানিজ সাংবাদিক হুসেইন হামুদের হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্টু তদন্তের দাবি জানিয়েছিল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। তিনি হিজবুল্লাহ-সমর্থিত সম্প্রচারকারী আল-মানার টিভির ফ্রিল্যান্স রিপোর্টার ছিলেন। নাবাতিয়াহ শহরে ইসরায়েলি অভিযানের ভিডিও ধারণের সময় নিহত হন।