জর্ডানে মার্কিন বাহিনীর এফ-৩৫ হ্যাঙ্গারে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

জর্ডানের একটি বিমানবাহিনীতে অবস্থানরত মার্কিন সেনাবাহিনী ও এফ-৩৫ হ্যাঙ্গার লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের দাবি করেছে তেহরান।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছিলেন।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। হামলায় ঘাঁটির অন্তত চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও রয়েছে।
তবে আল-জাজিরা জানিয়েছে, স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা যায়নি।
২১ লক্ষ্যবস্তুতে হামলা ও ড্রোন ভূপাতিতের দাবি
আইআরজিসি তাদের বিবৃতিতে আরও দাবি করেছে, এটি একটি বিস্তৃত প্রতিশোধমূলক অভিযানের অংশ। এই অভিযানে তারা মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌঘাঁটির মোট ২১টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এছাড়া ইরানের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা।
ইরান দাবি করেছে, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে। এই হামলার মাধ্যমে পাল্টা অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরান।
আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের বাহিনী যেকোনো পরবর্তী মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তারা ওয়াশিংটনকে ভবিষ্যৎ উত্তেজনার জন্য পুরোপুরি দায়ী করেছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাব দিতে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
পরে, বুধবার (১০ জুন) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) দেওয়া বার্তায় জানায়, ‘সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে বলা হচ্ছে। সবাইকে কাছাকাছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই পাল্টা জবাব দিতে বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি জানায় আইআরজিসি।
যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এর জবাবে তারা ইরানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, ‘হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে এই হামলা চালানো হয়।’

