logo

আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিল স্পেন

আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিল স্পেন

ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোর সহযোগিতা নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশগুলোতে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করছে আমেরিকা। হামলা আরও জোরালো করতে ইউরোপের ঘাঁটিগুলো ব্যবহার করতে চাইছে ওয়াশিংটন।

কিন্তু স্পেন যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রকে তার ভূখণ্ড ব্যবহার করতে দিতে নারাজ। সাফ জানিয়ে দিয়েছে, দেশটিতে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করা যাবে না। ফলে স্পেনের দক্ষিণাঞ্চলে যৌথভাবে পরিচালিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে অন্তত ১৫টি মার্কিন যুদ্ধবিমান উড়ে গেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২-এর মানচিত্রে সোমবার (২ মার্চ) এই চিত্র দেখা গেছে।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত কিন্তু স্পেনের সার্বভৌমত্বের অধীন সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না মাদ্রিদ। 

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই অভিযানে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অন্তর্ভুক্ত নয় বা জাতিসংঘ সনদের পরিপন্থি এমন কোনো কাজে সেগুলো ব্যবহার করা হবে না।’

প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, বোয়িং কেসি-১৩৫ ‘স্ট্র্যাটোট্যাঙ্কার’সহ আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার স্পেনে স্থায়ীভাবে মোতায়েন ছিল।

ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, স্পেন ছেড়ে যাওয়া অন্তত সাতটি বিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

ফ্লাইটরাডার২৪–এর ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা গেছে, গতকাল দক্ষিণ স্পেনের মোরন বিমানঘাঁটি থেকে নয়টি ট্যাংকার উড়ে জার্মানির দিকে গেছে। রোটা নৌঘাঁটি (যেখানে একটি বিমানঘাঁটিও রয়েছে) থেকে দুটি ফ্লাইট দক্ষিণ ফ্রান্সের দিকে গেছে। আরও চারটি ফ্লাইট রোটা থেকে উড়েছে, তবে তাদের রুট দেখানো হয়নি।

এদিকে ব্রিটেনও শুরুতে ইরানের ওপর হামলার জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে গতকাল রোববার (১ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সমষ্টিগত আত্মরক্ষার’ জন্য সেগুলো ব্যবহারের অনুমোদন দেন।

এর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার নিন্দাও জানায় মাদ্রিদ।