logo

জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন মিশেল বাসিলেত

এএফপি
এএফপি
জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন মিশেল বাসিলেত
চিলির সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থী মিশেল বাশেলে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ হলে একটি বিতর্ক চলাকালীন বক্তব্য রাখছেন। ছবি: এএফপি

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড় থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাসিলেত। কয়েক সপ্তাহ আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে আট প্রার্থীর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে ছিলেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাসিলেত বলেন, জাতিসংঘের মহাসচিব পদে তার প্রার্থিতা আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাসিলেত বলেন, অনেকেই হয়তো মনে করতে পারেন, এমন একটি প্রার্থিতার জন্য সময়টা উপযুক্ত ছিল না। তবে এই বড় চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

জাতিসংঘের শীর্ষ পদে প্রার্থী হওয়ার মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ বিতর্কের সূচনা করতে পেরেছেন বলেও উল্লেখ করেন বাসিলেত। তিনি বলেন, পরবর্তী মহাসচিব হিসেবে লাতিন আমেরিকার একজন নারীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।

পরবর্তী মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় এখন পর্যন্ত তিন দফা ‘স্ট্র পোল’ বা মতামত যাচাই হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রথম দুই দফার ভোটে কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান শীর্ষে ছিলেন।

তৃতীয় দফার ভোটে শীর্ষ অবস্থানে উঠে আসেন গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট।

গত ফেব্রুয়ারিতে তৎকালীন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচের সরকার আনুষ্ঠানিকভাবে বাসিলেতকে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হিসেবে মনোনীত করে। মেক্সিকো ও ব্রাজিলের বামপন্থি নেতারাও তার প্রার্থিতাকে সমর্থন করেছিলেন।

তবে চিলিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর বাসিলেতের প্রার্থিতা গতি হারায়। দেশটির নতুন প্রেসিডেন্ট ও ডানপন্থি নেতা হোসে আন্তোনিও কাস্তের সরকার তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।

চলতি মাসের শুরুতে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নিজের প্রার্থিতা নিয়ে রসিকতাও করেছিলেন বাসিলেত। ওই সময় কার্যত তিনি স্বীকার করে নিয়েছিলেন যে তার জয়ের সম্ভাবনা সীমিত।

জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে এখনো কোনো নারী মহাসচিবের দায়িত্ব পালন করেননি। অন্যদিকে, লাতিন আমেরিকা থেকে এ পর্যন্ত মাত্র একজন এই পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পেরুর সাবেক প্রেসিডেন্ট ও কূটনীতিক হাভিয়ের পেরেজ দে কুয়েয়ার, যিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।