চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তাদের ‘শেষ সুযোগ’। অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নথি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো একটি সমঝোতায় পৌঁছাতে পারি। আমি শেষবারের মতো তাদের একটি সুযোগ দিতে চাই।’
ইরানের বিরুদ্ধে একাধিকবার হামলার হুমকি দিয়ে পরে তা স্থগিত করার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি জানান, সম্ভাব্য চুক্তির প্রথম ধাপে হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হবে। দ্বিতীয় ধাপে থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়টি। তবে তিনি বলেন, এই ধাপ বাস্তবায়নে আরও কিছু সময় লাগবে।
ট্রাম্পের দাবি, রোববার রাতে পরিকল্পিত মার্কিন হামলার আশঙ্কাই ইরানকে আলোচনায় আগ্রহী করেছে। তার ভাষায়, ওই হামলা হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিচালিত যেকোনো হামলার চেয়েও কঠোর হতে পারত।
তিনি বলেন, ‘তথ্য ফাঁস হওয়ায় বরং উপকার হয়েছে। হামলার ভয়াবহতা সম্পর্কে ইরান জানতে পেরেছিল। তারা জানত কী আসছে। হামলা হলে তা দীর্ঘ সময় চলত এবং কার্যত খুব সামান্যই অবশিষ্ট থাকত। প্রায় কিছুই থাকত না। কিন্তু যদি আমি অনেক মানুষের জীবন বাঁচানোর সুযোগ পাই, তাহলে আমি সেই সুযোগ দিতে চাই। আমার কোনো সময়সীমার চাপ নেই।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখানে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। তবে তিনি যোগ করেন, ‘যদি কেউ টোল নেয়, তাহলে আমরাই নেব।’


