বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে নতুন করে বিক্ষোভ এবং হ্যালোইন উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ অক্টোবরের মতোই এবারও ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, শনিবার দিনটি হবে ‘ব্যতিক্রমী’। ওই দিন জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিক্ষোভ সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত চলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নুনেজ জানান, রাত ৮টার দিকে (জিএমটি ১৯:০০) বিভিন্ন স্থানে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। এসব আহ্বানের মধ্যে কিছু বার্তাকে তিনি বিশেষভাবে সহিংস বলে উল্লেখ করেন। কয়েকটি বার্তায় বিপ্লব ও বিদ্রোহের ডাকও দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এসব জমায়েত অবশ্যই নিষিদ্ধ করা হবে। তারপরও কেউ আয়োজন করলে তা ছত্রভঙ্গ করা হবে এবং গ্রেপ্তার করা হবে।’
গত ১৭ অক্টোবরের বিক্ষোভে গুরুতর বিশৃঙ্খলার ঘটনা উল্লেখ করে নুনেজ জানান, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা শহরের কেন্দ্রস্থলে কিছু বিক্ষোভ নিষিদ্ধ করে আংশিক নিষেধাজ্ঞা জারি করবেন।
এ ছাড়া শহরে প্রবেশকারী ব্যক্তিদের তল্লাশি বাড়ানো হবে এবং দেশজুড়ে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করব না।’ নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া বিক্ষোভগুলোতে নিরাপত্তা দেওয়া হবে। সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ১৭ ও ২৪ অক্টোবরের বিক্ষোভের পর ফ্রান্সে টানা তৃতীয় শনিবারের মতো বিক্ষোভের প্রস্তুতি চলছে। এবার হ্যালোইন উৎসবের সঙ্গে একই দিনে বিক্ষোভ কর্মসূচি হওয়ায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির কর্তৃপক্ষ।
