ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল, সরানো হলো ১০ হাজার মানুষকে

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলের ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং জানমাল রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেন সীমান্তবর্তী বেশি কয়েকটি ছোট শহর ও গ্রামের বাসিন্দারা এই নির্দেশের আওতায় পড়েছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, তীব্র বাতাসের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর জন্য লড়াই করছেন।
পেরপিনিয়ানের কাছে ত্রেভিলাক এলাকায় শুরু হওয়া এই দাবানলে ৪ হাজার ৬০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।
বিবিসি জানায়, ফ্রান্সের পাশাপাশি দাবানলের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ স্পেনে। সেখানে কাতালোনিয়ার একটি প্রাকৃতিক উদ্যানের ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি ধ্বংস হয়ে গেছে।
কাতালোন কর্তৃপক্ষ জানায়, গত শনিবার রাত থেকেই সেখানকার আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পূর্ণ নেভানো সম্ভব হবে।
সংকটময় মুহূর্তে ফ্রান্সের পাশে দাঁড়িয়ে ইউরোপীয় কমিশন। সংগঠনটির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনে সাইপ্রাস ও সুইডেন থেকে চারটি বিশেষ অগ্নিনির্বাপক বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন।





