logo

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দশম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। হামলার প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়। সোমবার (৯ মার্চ) তার ছেলে মোজতবা খামেনিকে এই পদে নির্বাচিত করেছেন ইরানের নীতিনির্ধারকরা। এর পরপরই ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

বিবৃতিতে বলা হয়েছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।

ইসরায়েলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। শনিবার চালানো হামলায় তিনি নিহত হন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব মোজতবা খামেনির প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও এক বিবৃতিতে জানিয়েছে, তারা নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করতে প্রস্তুত।