Advertisement

স্পেনের জয়ে আনন্দে মাতল গাজার ফিলিস্তিনিরা

এশিয়া পোস্ট ডেস্ক
স্পেনের জয়ে আনন্দে মাতল গাজার ফিলিস্তিনিরা
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান সংকটের মধ্যেও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ছিল ভিন্ন এক আবহ। স্পেনের বিশ্বকাপ জয়ের পর আনন্দে মেতে ওঠেন অনেক ফিলিস্তিনি।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাফেতে বড় পর্দায় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল উপভোগ করেন স্থানীয় বাসিন্দারা। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জিততেই উল্লাসে ফেটে পড়েন তারা।

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, ফিলিস্তিনের প্রতি স্পেন সরকারের সমর্থনের কারণেই তারা স্পেনকে সমর্থন করেছেন।

ম্যাচ দেখতে আসা নুমান আবদুল্লাহ বলেন, আমরা স্পেনকে সমর্থন করতে একত্রিত হয়েছি, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, এই আয়োজন শুধু ফুটবল দেখার জন্য নয়, বরং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশেরও একটি বার্তা।

নুমান বলেন, আমরা শান্তি চাই। আমাদের এই সমাবেশ শান্তি ও সংহতির বার্তাও বহন করছে।

ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখতে পারেনি।

শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করেন ফিলিস্তিনিরা। বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি স্পেনের জয়ের পর রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন সমর্থকেরা।