বিজেপিতে যোগদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
বিজেপিতে যোগদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ
পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বামে) ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ডানে)। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে। গুঞ্জন ওঠে যে, প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিচ্ছেন। গুঞ্জন আরও জোরালো হয়েছে দলটির শীর্ষ দুই নেতার সঙ্গে তার পর পর সাক্ষাৎ করা নিয়ে।

অবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) চর্চিত এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। স্পষ্ট করেছেন তার রাজনীতিতে যোগদান করার ইস্যুটি। বলেছেন, চর্চিত বিষয়টি ‘ভিত্তিহীন’।

গত সোমবার বিকেলে কলকাতার বালিগঞ্জে প্রসেনজিতের বাসভবন ‘উৎসব’-এ যান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর তিন দিন পর, বৃহস্পতিবার বিকেলে রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এ গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত টানা দুই ঘণ্টা একান্তে বৈঠক করেন প্রসেনজিৎ। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের এই দুই শীর্ষ নেতার সঙ্গে পর পর বৈঠকের জেরে রাজ্য রাজনীতি থেকে শুরু করে আলোচনা, সবখানেই তার রাজনীতিতে যোগদানের গুঞ্জন জোরালো হয়ে ওঠে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বলেন, ‘নবান্নে আসা ঘিরে যে চর্চা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। বাজারে ছড়ানো সব খবরই অসত্য। বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা আমার নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে প্রথমেই সংবাদমাধ্যমকে জানাব।’

রাজ্যসভার আসন পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘রাজনীতি নিয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি এখানে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভালোমন্দ ও এর উন্নতির বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমরা যখন বিভিন্ন জায়গায় শুটিংয়ে যাই, তখন নানা সুবিধা-অসুবিধার সম্মুখীন হতে হয়। সেসব বিষয়ই মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।’

টলিউডের বর্তমান অচলাবস্থা কাটানো ও কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠান নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রসেনজিৎ। তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘ ৪০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয়ে কথা থাকে। সেই সুবাদেই আজ আসা।’

বৈঠকে স্টুডিওপাড়ার পরিচালনায় নতুন একটি কমিটি গঠনের ইঙ্গিত মিলেছে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রসেনজিৎ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত। ইন্ডাস্ট্রির স্বার্থে যদি আমাকে কোনো কমিটির সদস্যপদ বা দায়িত্ব দেওয়া হয়, তবে আমি তা নিশ্চয়ই গ্রহণ করব। আমাদের সবার একটাই লক্ষ্য, টলিউডের উন্নতি।’