হরমুজ প্রণালি দিয়ে দুই ভারতীয় জাহাজকে যাওয়ার অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় দুটি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। ওই দুই ট্যাংকার জাহাজের নাম ‘পুষ্পক’ ও ‘পরিমল’।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ভারতের পররাষ্টমন্ত্রী এস. জয়শঙ্করের। সেই ফোনালাপের জেরেই পুষ্পক ও পরিমলকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান।
এদিকে গতকাল বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন।
সেই হামলার পর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছিল, জাহাজটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কান্দলা বন্দরের দিকে আসছিল এবং যে তিনজন নাবিক নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে ভারতের নাগরিক ছিলেন।
আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট জ্বালানির ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।