logo
Advertisement

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের
লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি। ছবি: রয়টার্স

সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

সোমবার (২০ জুলাই) ইরান সমর্থিত গোষ্ঠীটির এ ঘোষণার মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্রপথে অবরোধ কার্যকর করা হচ্ছে।

প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেওয়া হবে বলে জানান ইয়াহিয়া সারি।

তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। সৌদি আরবের যে কোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।

হুতিদের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সৌদি আরবের।

এদিকে টানা নবম দিনের মতো গতকাল রোববার দিবাগত রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় তেহরান হামলা চালিয়েছে। নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে গত মাসে সই হওয়া সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে।

হুতিদের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছু সময়ের জন্য বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় তা আবার কমে আসে।