logo

সাফল্য ছাড়াই যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের

সাফল্য ছাড়াই যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের

ইরানে হামলা চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ার আক্ষেপ নিয়ে এবার যুদ্ধ শেষ করার সময় স্পষ্ট করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন মিত্ররাষ্ট্রের কাছে সাহায্য চেয়েও পাননি তিনি। এতে দেশগুলোর ওপর ক্ষোভও প্রকাশ করেছেন।

তবে আর যুদ্ধ করে অর্থ ও সময় ফুরাতে চান না তিনি। তাই আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধ যুদ্ধ শেষ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমরা খুব শিগগিরই ইরান থেকে চলে যাব। হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা সেখানে আর বেশিদিন থাকতে চাচ্ছি না। আমরা বর্তমানে তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছি। এটি পূর্ণাঙ্গ ধ্বংসলীলা। আমাদের সেখানে খুব বেশিদিন থাকার প্রয়োজন হবে না। তবে তাদের যেটুকু আক্রমণাত্মক সক্ষমতা অবশিষ্ট আছে, তা নির্মূল করার জন্য আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনের জন্য সফল কূটনীতি একটি পূর্বশর্ত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানকে কোনো চুক্তি করতে হবে না, না। তাদের আমার সঙ্গে কোনো চুক্তি করার প্রয়োজন নেই। এর পরিবর্তে ট্রাম্প বলেন, অভিযানটি গুটিয়ে আনার শর্ত ছিল যে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে, যাতে তাদের শিগগিরই পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষমতা না থাকে। তাহলে আমরা চলে যাব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাব দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালির সুরক্ষা দেওয়া ওয়াশিংটনের কাজ নয়। বরং এই সরু জলপথের ওপর যারা নির্ভরশীল, যারা এটা ব্যবহার করে তারাই পুনরায় চালু করুক। ওটা হবে ফ্রান্সের জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই ঘোষণাটি ট্রাম্পের সবচেয়ে স্পষ্ট অভিপ্রায়। এ থেকে বোঝা যায়, তিনি শিগগিরই এক মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে চান। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে সাজিয়েছে, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারকে বিপর্যস্ত করেছে।