logo

জাপান থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে অস্ট্রেলিয়া

জাপান থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ সংযুক্ত করতে জাপানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে দেশটি। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম শুক্রবার (১৭ এপ্রিল) জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের নৌবাহিনীর ব্যবহৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের যুদ্ধজাহাজ আনজাক ক্লাসের বদলে অত্যাধুনিক জাপানি যুদ্ধজাহাজ মোগামি ক্লাস ফ্রিগেট সংযুক্ত করার জন্য জাপানের সঙ্গে ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারের চুক্তি করবে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী শনিবার মেলবোর্নে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় অস্ট্রেলীয় নৌবাহিনীর তাদের দীর্ঘদিন ব্যবহৃত আনজাক ক্লাস যুদ্ধজাহাজগুলো পরিবর্তন করে ১১টি জাপানি মোগামি ক্লাস ফ্রিগেট কিনবে। জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রির তৈরি এসব জাহাজে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্ত।

চুক্তির আওতায় ১১টি ফ্রিগেটের মধ্যে ৩টি জাপানেই তৈরি হবে। বাকি ৮টি জাহাজ নির্মিত হবে অস্ট্রেলিয়ায়, সেখানকার স্থানীয় প্রযুক্তিতে।

২০২৯ সালের মধ্যে প্রথম জাহাজটি অস্ট্রেলিয়ার কাছে হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মিতসুবিশি। ২০৩৪ সালের মধ্যে তৃতীয় জাহাজটিও যুক্ত হবে অস্ট্রেলিয়ার নৌ বহরে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস এই প্রকল্পকে দেশটির ইতিহাসে সমপর্যায়ের বৃহত্তম এবং দ্রুততম প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর সবচেয়ে উচ্চাভিলাষী উদ্যোগ।’

প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় ১ হাজার কোটি ডলার ধরা হলেও, প্রকল্প শুরু হলে এর খরচ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়া ও জাপানের কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।