logo

মিসাইল উৎপাদন চলছে বলে দাবি আইআরজিসির

মিসাইল উৎপাদন চলছে বলে দাবি আইআরজিসির

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান মিসাইল উৎপাদন অব্যাহত রেখেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে, যেখানে তিনি দাবি করেছিলেন—ইরান আর ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা রাখে না।

শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় পত্রিকা ইরনায় প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেন, ‘আমাদের মিসাইল শিল্পের অবস্থান পূর্ণ নম্বরের মতোই শক্তিশালী। যুদ্ধের মধ্যেও আমরা মিসাইল উৎপাদন চালিয়ে যাচ্ছি এবং মজুত নিয়েও কোনো সমস্যা নেই।’

ইরানের শিক্ষাব্যবস্থায় ২০ নম্বরকে পূর্ণমান হিসেবে ধরা হয়—এই উদাহরণ টেনে তিনি দেশটির সামরিক সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে বলে ইঙ্গিত দেন।

এর একদিন আগে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইরান আর ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা রাখে না এবং দেশটির সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইরানের এই বক্তব্য দুই দেশের মধ্যে চলমান তথ্যযুদ্ধ ও পাল্টাপাল্টি দাবিকে আরও জোরালো করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই। তার ভাষায়, ‘জনগণ চায় এই যুদ্ধ চলতে থাকুক যতক্ষণ না শত্রু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। যুদ্ধের অবসান তখনই হবে, যখন দেশের ওপর যুদ্ধের ছায়া দূর হবে।’