logo

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো। ছবি: আনাদুলু এজেন্সি

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটিতে ব্যাপকভাবে অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত থাকার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট-যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।

এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।

এর আগে গত ১০ আগস্ট সর্বশেষ ভিসা বাতিল করা নিয়ে তথ্য প্রকাশ করেছিল পররাষ্ট্র দপ্তর। তখন জানানো হয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরুর পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন-এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি নাগরিক আইন লঙ্ঘন, প্রতারণা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।