সমুদ্র অর্থনীতিতে নতুন মাইলফলক চীনের

২০২৫ সালে সমুদ্রভিত্তিক অর্থনীতিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটির সমুদ্র অর্থনীতির মোট আকার দাঁড়িয়েছে প্রায় ১১ দশমিক ০২ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি।শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সমুদ্র অর্থনীতির অবদান দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ৯ শতাংশ, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি।
খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সমুদ্র অর্থনীতির মোট মূল্য সংযোজনে প্রাথমিক খাতের অবদান ৪ দশমিক ৫ শতাংশ, শিল্প খাতের অবদান ৩৭ দশমিক ২ শতাংশ এবং সেবা খাতের অবদান ৫৮ দশমিক ৩ শতাংশ।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা শেন চুন জানান, বৈশ্বিক নানা চাপ ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে চীনের সমুদ্র অর্থনীতি ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি, সমুদ্র সম্পদের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সামুদ্রিক মাছ ও জলজ পণ্যের উৎপাদনে চীন বহু বছর ধরে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। পাশাপাশি সমুদ্রপথে পণ্য ও কনটেইনার পরিবহনের পরিমাণ বিশ্ব মোটের এক-তৃতীয়াংশেরও বেশি।
অন্যদিকে, জাহাজ নির্মাণ এবং সমুদ্রভিত্তিক প্রকৌশল সরঞ্জামের বৈশ্বিক বাজারে চীনের অংশীদারিত্ব ৫০ শতাংশেরও বেশি।
সূত্র : সিনহুয়া