বিমানবন্দর খুলে দিল ইরান, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরান তার প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার ইমাম খোমেনি বিমানবন্দর আংশিকভাবে খুলে দিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
রাজধানী তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি এখনও পুরোপুরি চালু হয়নি। মেহের নিউজের তথ্যমতে, আপাতত মাস্কাট, ইস্তাম্বুল ও মদিনার উদ্দেশ্যে অল্প সংখ্যক যাত্রীবাহী ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা এক বিবৃতিতে বলেছিল, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শনিবার থেকে ইরানের ১০টি বিমানবন্দর থেকেও যাত্রীবাহী ফ্লাইট চলাচল সম্ভব হবে।
তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক শহরে যৌথ বিমান হামলা চালানোর পর গত ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
যুদ্ধবিরতি বাড়ানোর মাত্র কয়েক দিন পরেই বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা স্বাভাবিক বিমান যোগাযোগ পুনরুদ্ধার এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের দিকে একটি সতর্ক পদক্ষেপের ইঙ্গিত দেয়।