logo

এলাহি কাণ্ড/বিয়ের আসরে টাকার ছড়াছড়ি, ৫ লাখ অতিথির ভিড়ে মুহূর্তেই সাবাড় ২৫ লাখ রসগোল্লা

বিয়ের আসরে টাকার ছড়াছড়ি, ৫ লাখ অতিথির ভিড়ে মুহূর্তেই সাবাড় ২৫ লাখ রসগোল্লা
বিহারের বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি কাণ্ড। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বিয়ের আসরে উড়ছে বিপুল টাকা, আর মেঝেতে ছড়িয়ে থাকা সেই নোট জড়ো করা হচ্ছে ঝাড়ু দিয়ে। আনন্দ-উৎসবের পাশাপাশি এমন এলাহি কাণ্ডে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে ভারতের বিহারের এক বিধায়কের মেয়ের বিয়ে। প্রায় পাঁচ লাখ অতিথির এই আয়োজনে নিয়োগ করা হয়েছিল ৫ শতাধিক রাঁধুনি। তবুও অতিথিদের জন্য তৈরি করা ২৫ লাখ রসগোল্লা শেষ হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডেই।

বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এই বিয়ের আয়োজনের মধ্য দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ভারতের বিহার রাজ্যের প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। তার মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে ঋষিকেশ কুমারের বিয়ে হয়।

Advertisement

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিহারের রাজধানী পাটনার নাদাওয়ান গ্রামে নিজেদের পৈতৃক বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন অনন্ত সিং। মোকামার এই বিধায়ক রাজ্যজুড়ে ‘ছোটে সরকার’ নামে পরিচিত। অনন্ত সিং বলেন, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার থেকেই নয়, গোটা ভারত, এমনকি পাকিস্তান থেকেও। এটি কোনো সিনেমা হল নয়, তাই কারও টিকিটের প্রয়োজন নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের দাবি, তার আমন্ত্রণে বিয়েতে প্রায় চার থেকে পাঁচ লাখ অতিথি সমবেত হয়েছিলেন। বিপুল মানুষের উপস্থিতিতে একপর্যায়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

পাঁচ লাখ অতিথির জন্য ১৫০ পদের আয়োজন

পরিবারটির পক্ষ থেকে চার থেকে পাঁচ লাখ অতিথির জন্য ১৫০টির বেশি পদের আয়োজন করা হয়েছিল। চার-পাঁচটি বিশাল প্যান্ডেলে শত শত কর্মীর সঙ্গে ৫০০ জনের বেশি হালুয়াই বা ঐতিহ্যবাহী রাঁধুনি কয়েক দিন ধরে খাবার তৈরি করেন। ১০০ ফুটের বেশি দীর্ঘ একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছিল। আয়োজনের পরিধি বাড়াতে পরে আরও ১২টি তাঁবু যুক্ত করা হয়। ট্যাংকারে করে আনা হয়েছিল দুধ। কোনো কোনো ট্যাংকারে প্রায় ১০ হাজার কেজি দুধ ছিল।

মিন্টের প্রতিবেদন দাবি করা হয়েছে, অতিথিদের জন্য ২৫ লাখ রসগোল্লার পাশাপাশি ৫০ লাখ গোলাপজামুনও তৈরি করা হয়েছিল। সন্ধ্যার দিকে খাবার পরিবেশনের জন্য বিশাল ভিড় জমে যায়। কর্মীরা অতিথিদের মধ্যে খাবারের থালা বিতরণ করছিলেন।

এনডিটিভির তথ্যমতে, বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে খাবার পরিবেশন ঘিরে বিশৃঙ্খলার নানা দৃশ্য দেখা যায়। ভিড়ের চাপে খাবার সংগ্রহ করতে না পেরে অতিথিরা বিকল্প উপায় বের করেন। কেউ পানির গ্লাসকে প্লেট হিসেবে ব্যবহার করেন, কেউ বিশাল রান্নার পাত্র থেকে সরাসরি খাবার তুলে নেন। আবার কেউ কার্ডবোর্ডের বাক্সে করে খাবার নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা যায়, মিষ্টি সংগ্রহ করতে অতিথিরা হুড়োহুড়ি করছেন। মিষ্টির কাউন্টার একপর্যায়ে যুদ্ধক্ষেত্রের মতো হয়ে ওঠে। চোখের পলকেই উধাও হয়ে যাচ্ছিল রসগোল্লা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক অতিথিকে বলতে শোনা যায়, ‘এখানে খাবার পাওয়াটা যুদ্ধ জেতার মতো।’

দীর্ঘ ১০ কিলোমিটার যানজট

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারে আসা বিশেষ অতিথিদের জন্য তৈরি করা হয় ছয়টি অস্থায়ী হেলিপ্যাড। বর রিশিকেশ কুমার সানগ্লাস পরে এবং হাতে কমলা রঙের স্কার্ফ নিয়ে ১৫১টি গাড়ির বহরসহ বিয়ের অনুষ্ঠানে হাজির হন। হিন্দু ধর্মীয় বিশ্বাসে বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বরকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার।

বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির প্রচণ্ড জট তৈরি হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অতিথিদের আপ্যায়নে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে তৈরি করা হয় বাহারি সাজসজ্জা। ছিল আতশবাজির আয়োজনও।

মিন্টের প্রতিবেদন অনুসারে, বিপুল জনসমাগমের কারণে পাঁচ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। গাড়ি, ট্রাক্টর এমনকি হেঁটেও মানুষ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

বিয়ের আসরে উড়লো টাকা, ঝাড়ু দিয়ে কুড়ালেন অতিথিরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে অতিথিদের উদ্দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে টাকা। মেঝেতে পড়ে আছে ১০, ২০, ৫০ ও ১০০ রুপির নোট। পরে এক ব্যক্তিকে ঝাড়ু দিয়ে সেসব নোট এক জায়গায় জড়ো করতে দেখা যায়। আরেকজন সেগুলো স্তূপ করে রাখছেন।

‘হিমাংশুনিমা২’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ এমন আয়োজনের সমালোচনা করেছেন, আবার কেউ ছড়িয়ে থাকা নোটের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাকেশ নামের এক নেটিজেন কমেন্টে দাবি করেছেন, নোটগুলো নকল হতে পারে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

বিনোদনে ঘোড়দৌড়ের আয়োজন

অতিথিদের বিনোদনের জন্য অনন্ত সিং কোনো ডিজের ব্যবস্থা করেননি। এর পরিবর্তে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। ১২ বিঘা জমির ওপর তৈরি করা ট্র্যাকে প্রতিযোগিতা দেখতে ভিড় করেন দর্শকেরা। কেউ কেউ বিদ্যুতের খুঁটি ও ইস্পাতের কাঠামোর ওপর উঠে ঘোড়দৌড় দেখেন। প্রতিযোগিতার বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি নতুন মাহিন্দ্রা থার।

বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থানসহ বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ৫২টি ঘোড়া আনা হয়েছিল। প্রতিযোগিতা চলার সময় দর্শকেরা ট্র্যাকের ওপর উঠে পড়েন। এতে আয়োজকেরা প্রতিযোগিতা বন্ধ করে পরে আবার আয়োজন করতে বাধ্য হন।

ঘোড়দৌড় ছাড়াও ভিআইপি অতিথিদের জন্য বিশেষ হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন উত্তর প্রদেশ থেকে উড়ে আসা বিজেপির সাবেক সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং।

বিয়ের আয়োজনে অনন্ত সিংয়ের প্রবেশও ছিল আলোচনার বিষয়। একটি এসইউভির সানরুফ দিয়ে উঠে আসেন তিনি। এ সময় তাকে ঘিরে সমর্থকদের ভিড় জমে যায়। একটি প্রতিবেদনে তাঁর এই প্রবেশকে এমনভাবে বর্ণনা করা হয়েছে, যেন মেয়ের বিয়েতে তাঁর উপস্থিতি বরকেও ছাপিয়ে গেছে।

এদিকে বর ঋষিকেশ কুমার আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন বলে জানা গেছে। বিয়েতে তিনি তিন কোটি টাকা মূল্যের একটি সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার, ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন এবং ৮০ গ্রাম ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট উপহার পেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট