logo
Advertisement

গাড়িতে প্রেমিকার ৩ হাজার ৪০০ চুম্বনের দাগ, রাস্তায় নামতেই পুলিশের মামলা

হিন্দুস্তান টাইমস
গাড়িতে প্রেমিকার ৩ হাজার ৪০০ চুম্বনের দাগ, রাস্তায় নামতেই পুলিশের মামলা
গাড়িতে প্রেমিকার ৩ হাজার ৪০০ চুম্বনের দাগ, রাস্তায় নামতেই পুলিশের মামলা। ছবি: ইন্টারনেট

গাড়িজুড়ে অন্তত ৩ হাজার ৪০০টি চুম্বনের দাগ! সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে এমন অভিনব উপায়ে গাড়ি সাজিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছেন এক যুবক। লিপস্টিকের দাগে সজ্জিত গাড়ি নিয়ে রাস্তায় নামতেই তাকে আটক করে পুলিশ।

Advertisement

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে শেষ পর্যন্ত ওই যুবককে গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। এমনকি পুলিশ দাঁড়িয়ে থেকে তাকে নিজ হাতে সব দাগ মুছে ফেলতেও বাধ্য করেছে।

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে সেখানে আদিত্য শিকারওয়ার নামের ওই গাড়ির মালিককে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আদিত্য শিকারওয়ারের প্রেমিকা ঘণ্টার পর ঘণ্টা সময় নিয়ে লিপস্টিক দিয়ে এই অভিনব দাগগুলো তৈরি করেছিলেন।

পরে শিকারওয়ার গাড়িটি শহরের সিটি সেন্টার এলাকায় বিপজ্জনকভাবে চালিয়ে ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ার পর ‘অপারেশন ঈগল’-এর আওতায় পুলিশ গাড়িটি শনাক্ত ও জব্দ করে।

গোয়ালিয়রের ট্রাফিক পুলিশ পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই পুলিশ বিষয়টি আমলে নেয় এবং মোটরযান আইনে অননুমোদিত পরিবর্তনের অপরাধে চালককে থানায় এনে জরিমানা করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি-কে আদিত্য শিকারওয়ার বলেন, ‘আমার প্রেমিকা একটি বিদেশি ট্রেন্ড অনুসরণ করতে এটি করেছিল। সে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় নিয়ে পুরো গাড়িতে ৩ হাজার ৪০০টি লিপস্টিকের দাগ তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম ভিডিওটি ভাইরাল হবে, তবে এটি যে বেআইনি বা ট্রাফিক আইনের পরিপন্থী তা আমাদের জানা ছিল না।’

পুলিশের হস্তক্ষেপে জরিমানা পরিশোধ করার পাশাপাশি নিজের ভুল স্বীকার করে শিকারওয়ার সম্পূর্ণ গাড়ি পরিষ্কার করে লিপস্টিকের সমস্ত দাগ মুছে ফেলেন।