বাংলাদেশসহ ৪ দেশের ওমরাহযাত্রীদের ভিসা নিয়ে সৌদির নতুন নির্দেশনা

বাংলাদেশসহ চারটি দেশের ওমরাহ হজযাত্রীদের ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। এ নির্দেশনায় হজযাত্রীদে ফুড ভাউচার বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ পাকিস্তান।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহকারীদের জন্য প্রতিদিন ২০ সৌদি রিয়াল মূল্যের ‘নুসুক ফুড ভাউচার’ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ মূল্য সরাসরি ওমরাহ ভিসা ফি-এর সঙ্গে যোগ করা হবে।
আগামী ১ রবিউল আউয়াল (১৫ আগস্ট) থেকে এই নতুন নীতি কার্যকর হবে। নতুন ডিজিটাল ব্যবস্থার আওতায় ওমরাহ পালনকারীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা একটি একক প্ল্যাটফর্মে আনা হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। ভিসার সঙ্গে সম্পর্কিত একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে হজযাত্রীরা অনুমোদিত রেস্তোরাঁগুলো থেকে তাদের খাবার সংগ্রহ করতে পারবেন।
প্রতিবেদনে জানানো হয়, ওমরাহ পালনকারীদের উন্নত ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করা, অনুমোদনহীন সেবা প্রদানকারীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং সার্বিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে সৌদি কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
বাণিজ্য সংশ্লিষ্টদের মতে, নতুন এই ব্যবস্থার ফলে ওমরাহ পালনের মোট খরচ কিছুটা বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিকুলোকে তাদের বিদ্যমান ওমরাহ প্যাকেজ ও খরচ পুনর্নির্ধারণ করতে হচ্ছে।
.png)

