logo

ইরানে হামলা নিয়ে ট্রাম্প ও রুবিওর সাংঘর্ষিক বক্তব্য

ইরানে হামলা নিয়ে ট্রাম্প ও রুবিওর সাংঘর্ষিক বক্তব্য

ইরানে হামলার বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স জানায়, ট্রাম্প বলেছেন, তার ধারণা ছিল, ইরানই আগে হামলা করতে যাচ্ছে, তাই ইরান আক্রমণে তিনি মার্কিন বাহিনীকে যুক্ত করার নির্দেশ দেন। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র আগাম ব্যবস্থা না নিলে ইরানই প্রথম আঘাত হানত।’

তবে তার আগের দিন সোমবার মার্কো রুবিও বলেছিলেন, ইসরায়েলই আগে ইরানে হামলার পরিকল্পনা করে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে—এ তথ্য আগে থেকেই জানা ছিল। আর এর প্রতিশোধ নিতে ইরান উপসাগরীয় এলাকার মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র আগাম হামলা চালায়, যাতে হতাহতের ঝুঁকি কমে।

পরস্পরবিরোধী বক্তব্যের ফলে ইরানে হামলার উদ্দেশ্য নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে দেশটির অভ্যন্তরীণ মহলে। কট্টরপন্থিরা বলছেন, প্রশাসনের বক্তব্যে অসংগতি রয়েছে এবং এতে মনে হচ্ছে ইসরায়েলের পদক্ষেপের প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমেছে। অর্থাৎ, ইসরায়েলই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকে তিনি দাবি করেন, তার সিদ্ধান্তের ফলেই পরিস্থিতি দ্রুত বদলেছে। 

এদিকে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের হামলা ছিল পুরোপুরি উসকানিবিহীন।