logo

লেবাননের ১৪ শতাংশ ভূমিতে ইসরায়েলের উচ্ছেদ আদেশ জারি

লেবাননের ১৪ শতাংশ ভূমিতে ইসরায়েলের উচ্ছেদ আদেশ জারি

নতুন এক আদেশে দক্ষিণ লেবাননের আরও কিছু গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ত্যাগ করে জাহরানি নদীর উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের বরাতে আলজাজিরা জানায়, নতুন আদেশের পর ইসরায়েলের এই ব্যাপক উচ্ছেদ আদেশ এখন এক হাজার ৪৭০ বর্গ কিলোমিটার (৫৬৮ বর্গ মাইল) বা লেবাননের প্রায় ১৪ শতাংশ এলাকাজুড়ে প্রযোজ্য।

বুধবার (১৮ মার্চ) আলজাজিরার খবর জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন এ নির্দেশ দেন। পোস্টে জানানো হয়, ইসরায়েল লেবাননের খিরবেত সেলম, বেইত ইয়াহুন, সারাফান্দ এবং দেইর ক্যানুন এন নাহর গ্রামগুলোতে হামলার পরিকল্পনা করছে।

আগের উচ্ছেদ আদেশের তুলনায় নতুন উচ্ছেদ আদেশ জাহরানি নদী পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে। আগের উচ্ছেদ আদেশ লিতানি নদী পর্যন্ত সীমাবদ্ধ ছিল।

এর আগে মার্চের শুরুতে হামলার হুমকি দিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর থেকেই একের পর এক এলাকা চিহ্নিত করে সেখান থেকে স্থানীয়দের উচ্ছেদ করে চলেছে ইসরায়েল।