আলী খামেনির জানাজায় অংশ নেবেন শতাধিক দেশের যেসব নেতারা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শতাধিক বিশ্ব নেতা অংশ নেবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি।
শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। চলবে টানা সাত দিন। সবশেষে ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সেখানে তার বাবার কবরও রয়েছে।
৮৬ বছর বয়সে নিহত হওয়া ইরানের দ্বিতীয় ও দীর্ঘমেয়াদি এই সর্বোচ্চ নেতার মরদেহ রাখা হয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে। এটি গ্রান্ড মোসাল্লা নামেও পরিচিত। আজ শুক্রবার সেখানে আলী খামেনির মরদেহে শ্রদ্ধাজ্ঞাপন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত কূটনীতিক ও রাজনীতিবিদরা।
ইরানের সর্বোচ্চ নেতার দাফন প্রথমে মার্চ মাসে হওয়ার কথা ছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়। শুক্রবার তেহরানে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা টানা সাত দিন চলবে। এ সময় ইরান ও ইরাকের বিভিন্ন শহরে জানাজা, শোক মিছিল এবং ধর্মীয় অনুষ্ঠান হবে। শুক্রবারের অনুষ্ঠানে সবচেয়ে বেশি বিদেশি নেতা উপস্থিত থাকবেন।
শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের কফিন জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সোমবার ও মঙ্গলবার জানাজার মিছিল ইরানের কোম শহরের দিকে যাবে। এরপর বুধবার মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিক সংবর্ধনার পর নাজাফ ও কারবালা শহরে শোক মিছিল অনুষ্ঠিত হবে।
সবশেষে শুক্রবার মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে, বিখ্যাত ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গনে তাকে দাফন করা হবে। মাশহাদই খামেনির জন্মস্থান।
কোন কোন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন জানাজায়?
পাকিস্তান: দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানায় অংশ নেবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। ফলে গত এপ্রিলে যুদ্ধবিরতি ও জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই সমঝোতা স্মারকটি এখন যুদ্ধ শেষ করার লক্ষ্যে বৃহত্তর আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।
তাজিকিস্তান: তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমনও জানাজায় যোগ দেবেন।
আর্মেনিয়া: আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই স্মরণ অনুষ্ঠানে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।
জর্জিয়া: দেশটির প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলিও এই স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে দেশটি নিশ্চিত করেছে।
কোন কোন দেশ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি নেতাদের পাঠাচ্ছে?
তুরস্ক: দেশটির ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ খামেনির জানায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আঙ্কারা।
ভারত: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটির সরকার জানিয়েছে, আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় জানাজায় দেশটির প্রতিনিধিত্ব করবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। এ জন্য তারা শুক্রবার ইরান সফর করবেন।
ভারতের প্রতিনিধিদলে আরও থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আতা হাসনাইন ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল ও বর্তমানে সরকারি পদে থাকা দেশের জ্যেষ্ঠতম শিয়া ব্যক্তিত্বদের একজন।
চীন: বেইজিং জানিয়েছে, জ্যেষ্ঠ চীনা আইনপ্রণেতা হে ওয়েই তেহরানে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দেবেন। তিনি চীনের সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান।
রাশিয়া: রুশ নিরাপত্তা পরিষদের উপ-সভাপতি দিমিত্রি মেদভেদেভ শুক্রবারের অনুষ্ঠানে যোগ দেবেন বলে বৃহস্পতিবার ক্রেমলিন নিশ্চিত করেছে। মেদভেদেভ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।
আফগানিস্তান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে বৃহস্পতিবার তেহরানে গেছেন। আফগান গণমাধ্যম জানিয়েছে, অর্থনৈতিকবিষয়ক প্রথম উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারও এই রাষ্ট্রীয় জানাজায় যোগ দেবেন।
বাংলাদেশ: সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছে, দেশটির সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে রাষ্ট্রীয় জানাজায় যোগদান করবেন।
সূত্র: আলজাজিরা





