ট্রাম্পের আলটিমেটামকে ‘অসহায় ও ভারসাম্যহীন’ বলে প্রত্যাখ্যান করল ইরান

শান্তি চুক্তিতে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই হুমকিকে ‘অসহায় ও ভারসাম্যহীন’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। শনিবার (৪ এপ্রিল) আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে দেওয়া এক বিবৃতিতে জেনারেল আলি আবদুল্লাহি আলিয়াবাদি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি মূলত একটি অসহায়, আতঙ্কগ্রস্ত, ভারসাম্যহীন এবং মূর্খতাসুলভ পদক্ষেপ।’
এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে আসার অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে। তাদের ওপর নরক নেমে আসার আগে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে।’
ট্রাম্পের এই মন্তব্যের জবাবে আলিয়াবাদি সতর্ক করে বলেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো, নরকের দরজা আসলে আপনাদের (যুক্তরাষ্ট্রের) জন্যই উন্মুক্ত হতে যাচ্ছে।’