logo

স্পেনের দিকে কারও কেন ‘নজর’ নেই, প্রশ্ন ট্রাম্পের

স্পেনের দিকে কারও কেন ‘নজর’ নেই, প্রশ্ন ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছিল ইউরোপের দেশ স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার পাল্টা জবাব দিয়েছেন। তবে হঠাৎ করেই আবারও দেশটির বিরুদ্ধে কড়া কথা শোনালেন তিনি। স্পেনের ‘খারাপ অবস্থার’ জন্য দেশটির দিকে নজর না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার (১৮ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘স্পেন দেশটি কতটা খারাপ অবস্থায় আছে, সেদিকে কেউ কি নজর দিয়েছে? ন্যাটো ও তাদের সামরিক প্রতিরক্ষায় প্রায় কোনো অবদান না রাখা সত্ত্বেও, তাদের আর্থিক পরিসংখ্যান একেবারেই ভয়াবহ। এটা দেখা খুবই দুঃখজনক!’

স্পেন সরকার এই সপ্তাহান্তে বার্সেলোনায় ইউরোপ ও লাতিন আমেরিকাজুড়ে বামপন্থি নেতাদের নিয়ে একটি ‘বৈশ্বিক প্রগতিশীল সংহতি’ শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। যদিও প্রকাশ্য মন্তব্যে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা সবাই বহুপাক্ষিক ব্যবস্থার ওপর আক্রমণ, আন্তর্জাতিক আইনকে দুর্বল করার বারবার প্রচেষ্টা ও শক্তি প্রয়োগের বিপজ্জনক স্বাভাবিকীকরণ দেখতে পাচ্ছি।’

এটিকে ব্যাপকভাবে ট্রাম্পের প্রতি একটি কটাক্ষ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে। বিশেষ করে যখন সানচেজ মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে তার পূর্ববর্তী মন্তব্যগুলোতে কোনো অনুশোচনা প্রকাশ করেননি।

এর আগ, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, আগামী বুধবারের মধ্যে যদি কোনো বৃহত্তর বা স্থায়ী সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এই যুদ্ধবিরতি সমাপ্ত ঘোষণা করা হতে পারে। এ ছাড়া ইরানে হামলার হুমকি দেন তিনি।