logo

সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমন গ্রেপ্তার

সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমনকে গ্রেপ্তার করা হয়েছে। মিনেসোটার একটি গির্জায় অভিবাসনবিরোধী বিক্ষোভের ঘটনায় ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, গির্জায় প্রার্থনার অনুষ্ঠানে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করায় বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

তার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে এই গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর ওপর সরাসরি আঘাত। লেমনের আইনজীবী অ্যাবে লোয়েল জানান, ‘গত রাতে লস অ্যাঞ্জেলেসে ফেডারেল এজেন্টরা ডন লেমনকে হেফাজতে নেন। অথচ সেসময় তিনি সেখানে গ্র্যামি পুরস্কার অনুষ্ঠান কভারের দায়িত্ব পালন করছিলেন।’

লোয়েল বলেন, ‘গত ৩০ বছর ধরে সাংবাদিকতা করছেন ডন লেমন। মিনিয়াপলিসে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন, যার তার দীর্ঘদিনের সাংবিধানিকভাবে সুরক্ষিত সাংবাদিকতা থেকে ভিন্ন কিছু নয়। সাংবাদিকদের সুরক্ষার জন্যই প্রথম সংশোধনী করা হয়েছিল, যেখানে উল্লেখ আছে সাংবাদিকদের কাজ হলো সত্য উদঘাটন করা এবং ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনা।’

তিনি আরও অভিযোগ করেন, ‘মিনেসোটায় দুই শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে হত্যার ঘটনায় জড়িত ফেডারেল এজেন্টদের তদন্ত না করে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ এই গ্রেপ্তারের পেছনে সময়, মনোযোগ ও সম্পদ ব্যয় করছে। এটাই এই মামলার প্রকৃত অন্যায়। লেমন আদালতে এসব অভিযোগের বিরুদ্ধে দৃঢ় ও পূর্ণাঙ্গভাবে লড়াই করবেন।’

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ গ্রেপ্তারের খবর প্রকাশ করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার পর্যন্ত লেমন হেফাজতেই ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে দ্য গার্ডিয়ান বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে।

লেমনের সাবেক সিএনএন সহকর্মী জিম অ্যাকোস্টা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা জঘন্য এবং অগ্রহণযোগ্য। আমেরিকায় প্রথম সংশোধনীর ওপর সরাসরি আক্রমণ চলছে।’

লেমনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গত ১৮ জানুয়ারি তিনি এমন এক বিক্ষোভে অংশ নেন, যেখানে বিক্ষোভকারীরা একটি গির্জার উপাসনায় ব্যাঘাত ঘটায়। ওই ভিডিওতে এক বিক্ষোভকারী জানান, এটি ছিল একটি ‘গোপন অভিযান’, যেখানে অপ্রত্যাশিত স্থানে গিয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হয়।

এ ঘটনায় নাগরিক অধিকারে হস্তক্ষেপের ষড়যন্ত্রের অভিযোগে ইতোমধ্যে তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গির্জার যাজক জোনাথন পার্নেল লেমনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা উপাসনার জন্য জড়ো হয়েছিলাম, যেমনটি প্রতি রোববার করি। আমরা তাদের চলে যেতে বলেছিলাম, কিন্তু তারা রাজি হয়নি।’