ইরানে স্কুলে হামলায় নিহত ১৬৫ জনের গণজানাজা

ইরানের মিনাব শহরে মেয়েদের স্কুলে হামলায় নিহত ১৬৫ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরার খবর জানায়, নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ একটি উন্মুক্ত জায়গায় জড়ো হয়েছেন। আতেনার মা পরিচয় দেওয়া এক নারী সেখানে একটি ছবি উঁচিয়ে ধরেন এবং সেটিকে ‘আমেরিকার অপরাধের দলিল’ বলে আখ্যা দেন।
জানাজায় অংশ নেওয়া মানুষ ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ ইত্যাদি স্লোগান দেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে রোববার ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের এক মুখপাত্র দাবি করেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ হামলা করেনি।
গত শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব নিহত হন।
একই দিন মিনাবে মেয়েদের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হরমোজগান প্রদেশের মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলি ফরহাদি বলেন, শনিবার স্কুলটিতে ‘তিনটি ক্ষেপণাস্ত্র’ আঘাত হানে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলেও হামলা হয় সেদিন।