logo

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২৩.১২ টাকা হিসাবে) এই বিশাল অঙ্কের পুরস্কারের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই পুরস্কারের ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এই খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে নিহত প্রতিরোধ বাহিনীর সাবেক কমান্ডারদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের করা ‘দুঃসাহসী ও আপত্তিকর মন্তব্যের’ জের ধরেই এই কঠোর অবস্থান নিয়েছে তারা।

আইআরআই তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, তাদের নিজস্ব সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে সংগৃহীত ১ কোটি ডলার এই পুরস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে। যে ব্যক্তি নিজে সরাসরি ট্রাম্পকে হত্যা করতে পারবেন, কিংবা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়োগ করে এই হত্যাকাণ্ড সফল করবেন, তাকেই এই পুরস্কারের অর্থ বুঝিয়ে দেওয়া হবে।

সশস্ত্র গোষ্ঠীটি তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে, বিশ্বের মুক্তিকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীদের তাড়া করে বেড়াবে। স্বৈরশাসকেরা কখনো শান্তিতে ঘুমাতে পারবে না এবং কোনো অপরাধীই সম্মানিত মানুষের ক্রোধ থেকে নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।

এতে বলা হয়, যোদ্ধাদের কাঁধে প্রতিশোধের যে অঙ্গীকার রয়েছে, তা অক্ষুণ্ন থাকবে। শহীদদের রক্ত অভিশাপ হয়ে দাম্ভিকদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের জেনারেল কাসেম সোলেইমানি ও ইরাকের শিয়া মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যায় নিজের ভূমিকা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যের পরই এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে সোলেইমানি ও আল-মুহান্দিসের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িত বা এতে সহযোগিতা করা ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প ২০২০ সালের ড্রোন হামলার প্রসঙ্গ প্রকাশ্যে উল্লেখ করার পরই এ ঘোষণা আসে।

এদিকে ট্রাম্পের মাথার দাম ঘোষণার খবরটি প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটি। এতে মার্কিন ডানপন্থি ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী লরা লুমার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো মার্কিন প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ঘোষিত এই ১ কোটি ডলারের পুরস্কারের খবরকে ব্যাপকভাবে প্রচার ও উসকানি দিচ্ছে। এর মাধ্যমে রাশিয়া দিন দিন আরও বেশি করে প্রমাণ করছে যে কেন তারা যুক্তরাষ্ট্রের মিত্র হতে পারে না।