শুধু প্রেসিডেন্টই জানেন, তিনি কী করতে যাচ্ছেন

ইরানের জন্য পূর্বনির্ধারিত ‘ডেডলাইন’ এখনো অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মঙ্গলবার (৭ এপ্রিল) এনবিসি নিউজকে লেভিট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার সুযোগ কাজে লাগানোর জন্য ইরানি শাসকগোষ্ঠীর হাতে রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় আছে।’
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেন, ‘পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং প্রেসিডেন্ট কী করবেন, তা শুধু তিনিই জানেন।’
এদিকে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে মর্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে কড়া হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত মেনে না নেয়, তাহলে রাতের মধ্যে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আমি চাই না এমনটা হোক। তবে সম্ভবত এটি হতে চলেছে।’
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যখন কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট একটি সভ্যতা ধ্বংস করার হুমকি দেন, তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতি তার অন্ধকারতম অধ্যায়ে প্রবেশ করেছে।
এ বিষয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প তার হুমকি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারলেও ইরানকে আরও কঠোরভাবে আঘাত করার ক্ষমতা রাখেন। আর তেহরানও বলে রেখেছে, যাই হোক, তারা এর জবাব দেবে। মনে হচ্ছে, শুরু থেকেই এই যুদ্ধে একটি বড় অচলাবস্থা চলছে এবং কোনো কারণ ছাড়াই এটি অব্যাহত রয়েছে।’