logo

গ্রিস থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী

গ্রিস থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী
গ্রিস থেকে দেশে ফিরলেন বাংলাদেশিসহ ১১৪ অভিবাসনপ্রত্যাশী। ছবি: থানোস প্লেভরিসের এক্স থেকে নেওয়া

ভূমধ্যসাগরীয় দেশ গ্রিস থেকে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ১১৪ জন অনিয়মিত অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিশেষ চার্টার ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এথেন্স থেকে প্রকাশিত গ্রিক সংবাদমাধ্যম তো ভিমার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

আইওএম পরিচালিত ‘সহায়তাপ্রাপ্ত স্বেচ্ছামূলক প্রত্যাবর্তন ও পুনঃএকত্রীকরণ’ (এভিআরআর) কর্মসূচির তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের অধিকাংশই বৈধ কাগজপত্র ছাড়াই গ্রিসের বিভিন্ন শহরে বসবাস করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বেচ্ছায় দেশে ফেরা অভিবাসীদের জাতীয়তার ধরনেও পরিবর্তন এসেছে। আগে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন জর্জিয়ার নাগরিক। তবে বর্তমানে বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান ও মিশরের নাগরিকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব অভিবাসীর গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল না। তারা স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। একই পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে আইওএমের মাধ্যমে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের হার ৫৪ শতাংশ বেড়েছে।

অভিবাসীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস। এ সময় তিনি বলেন, অনিয়মিত অভিবাসন মোকাবিলা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ‘জেল অথবা ফেরত’ আইনের আওতায় দেশে অবৈধভাবে অবস্থানকারীদের কারাগারে পাঠানো হচ্ছে।

থানোস প্লেভরিস আরও বলেন, এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ১১৪ জনকে নিয়ে পরিচালিত এই ফ্লাইটটি এযাবৎকালের সবচেয়ে বড় উদ্যোগ। সরকারের লক্ষ্য অনুযায়ী প্রত্যাবর্তনের হার বাড়ছে এবং অনিয়মিত অভিবাসনের প্রবাহ কমতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

এর আগে, ২৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্লেভরিস জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে নির্বাসনের হার ২০ শতাংশ বেড়েছে। অন্যদিকে, আশ্রয়ের অধিকার নেই এমন ব্যক্তিদের জোরপূর্বক ফেরত পাঠানোর সংখ্যা বেড়েছে ৩৫ শতাংশ। চলতি বছরের প্রথম ১১ মাসে গ্রিসে ৪০ হাজার নতুন অভিবাসীর আগমন নথিভুক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ হাজার লিবিয়া থেকে আসা।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট