logo

নেপালে ভোটে এগিয়ে সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ

নেপালে ভোটে এগিয়ে সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ

নেপালের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোট গণনা চলছে। সকালে দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আছেন তরুণদের নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার (৬ মার্চ) দুপুরে এ তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএন। 

২০২৫ সালে জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর দেশটিতে এটাই প্রথম সাধারণ নির্বাচন। জেন-জি আন্দোলনের সময় প্রশাসনের অংশ হয়েও শিক্ষার্থীদের অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বালেন নামে পরিচিত কাঠমান্ডুর সাবেক এই মেয়র। একসময় র‍্যাপ গানের সঙ্গে জড়িত এই র‍্যাপার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে বালেন্দ্রের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। গত বছর জেন-জি তরুণদের প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অলি।

নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত বালেন্দ্র শাহর মধ্যপন্থি দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ শুক্রবার সকাল পর্যন্ত ৩৭টি আসনে এগিয়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অলির দল ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল’ (ইউএমএল) এগিয়ে আছে তিনটি আসনে। আর ৪৯ বছর বয়সি গগন থাপার নেতৃত্বাধীন নেপালের প্রাচীনতম দল ‘নেপালি কংগ্রেস’ ৫টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কর্মকর্তারা আভাস দেন, শুক্রবার সন্ধ্যা বা শনিবারের মধ্যে পুরোপুরি স্পষ্ট হয়ে যেতে পারে নির্বাচনের ফল।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদের’ মোট ২৭৫টি আসনের মধ্যে ১৬৫টি আসনে সরাসরি নির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন হাজার ৪০০ প্রার্থী। পার্লামেন্টের বাকি ১১০ আসন নির্ধারিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে।

নেপালি পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট আসন সংখ্যা ২৭৫। এর মধ্যে ১৬৫ আসনে সরাসরি ভোট হয়েছে। গতকালের ভোটে অংশ নিয়েছেন ৫৯ শতাংশ ভোটার।