ট্রাম্প কি মানসিক ভারসাম্যহীন, জবাবে যা বললেন হেগসেথ

ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর থেকে একের পর এক হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও গোটা একটা সভ্যতা নিশ্চিহ্ন করে দিতে চান। কখনও আবার হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে দেন ‘ট্রাম্প প্রণালি’। তার এই খামখেয়ালি মেজাজের ফলে মূল্য শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, দিতে হচ্ছে গোটা বিশ্বকে।
মধ্যপ্রাচ্য অঞ্চল ঘিরে তার বাগাড়ম্বরপূর্ণ মন্তব্য ও একগুঁয়েমির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটাগরিকরা ট্রাম্পের মানসিক পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি ক্যাপিটল হিলে অনুষ্ঠিত শুনানিতে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একই প্রশ্নের মুখোমুখি হন। প্রশ্নটি করেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সারা জ্যাকবস। তিনি হেগসেথের কাছে জানতে চান যে, ট্রাম্প ‘কমান্ডার-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে যথেষ্ট স্থিতিশীল কি না।
এই প্রশ্নের জবাবে হেগসেথের দেওয়া উত্তরটি এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর না দিয়ে প্রেসিডেন্টে পক্ষে কথা বলার চেষ্টা করেছেন। পাল্টা প্রশ্ন করেন, ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনকে ‘চার বছর’ ধরে একই প্রশ্ন করা হয়েছিল কি না। জ্যাকবস জবাব দিলেন, ‘জো বাইডেন বর্তমানে প্রেসিডেন্ট নন। ট্রাম্প দেড় বছর ধরে প্রেসিডেন্ট আছেন।’
ডেমোক্র্যাট এই আইনপ্রণেতার প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ হন পিট হেগসেথ। ক্ষুব্ধ স্বরে তিনি জবাব দেন, সর্বাধিনায়কের প্রতি আপনি যে মাত্রার অবমাননা করছেন, আমি তাতে জড়াবোই না। ট্রাম্প একজন ‘অসাধারণ সর্বাধিনায়ক’। ট্রাম্প একজন অসাধারণ সর্বাধিনায়ক, যিনি আমাদের সেনাকেই সবার আগে স্থান দেন।
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা অচলাবস্থার মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, এমনকি কখনও উসকানিমূলক পোস্ট করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি পোস্টই প্রকাশ করা হয় মধ্যরাতে। যখন বেশির ভাগ আমেরিকান ঘুমিয়ে ছিলেন; যা তার মানসিক ক্ষিপ্রতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
তিনি নিজের এআই-নির্মিত ছবিও পোস্ট করেন। পোস্টে তাকে যিশু খ্রিস্টের মতো একজন ব্যক্তি হিসেবে দেখানো হয় এবং তার হাত থেকে ঐশ্বরিক আলো বিচ্ছুরিত হচ্ছিল। তীব্র সমালোচনার মুখে ট্রাম্প অবশেষে ছবিটি সরিয়ে ফেলেন। কিন্তু আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘এখানে একজন ডাক্তার হিসেবে মানুষকে সুস্থ করে তোলার দৃশ্য তুলে ধরা হয়েছে’।
I asked Secretary Hegseth a straightforward, yes or no question today: Is Donald Trump mentally stable enough to be Commander in Chief?
He didn't say yes. And that speaks volumes. pic.twitter.com/ncWhEBAX9r
— Congresswoman Sara Jacobs (@RepSaraJacobs) April 29, 2026