logo

হাদি হত্যা মামলা: ১১ দিনের রিমান্ডে ফয়সাল-আলমগীর

হাদি হত্যা মামলা: ১১ দিনের রিমান্ডে ফয়সাল-আলমগীর

ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে দিল্লির স্থানীয় এক আদালত।

গত সোমবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নেয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। মঙ্গলবার তাদের দিল্লিতে এনআইএর বিশেষ আদালতে তোলা হয়। দুই পক্ষের বক্তব্য শুনে দিল্লির ‘পাতিয়ালা হাউজ কোর্টে’র অতিরিক্ত সেশন জাজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের এনআইএ রিমান্ডের নির্দেশ দেয়। 

এনআইএ সূত্রমতে, আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে যাবতীয় নথি দাখিল করে জানায়, অভিযুক্তরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ফলে ষড়যন্ত্রের বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আনা উচিত। 

উল্লেখ্য, ৭ ও ৮ মার্চ মধ্যবর্তী সময় ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইনে মামলা করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। 

পরবর্তীতে তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হলে প্রথমে ১৪ দিনের এসটিএফ রিমান্ডের নির্দেশ দেন আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গত ২২ মার্চ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের উভয়কেই ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (হাজতবাস) নির্দেশ দেন। 

পরে এই মামলায় যুক্ত হয় এনআইএ। ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে গত সোমবার বিধাননগর মহকুমা আদালতে এনআইএর তরফে আবেদন জানানো হয়েছিল। মূলত নিজেদের হেফাজতে নিয়ে ভারতে অনুপ্রবেশ বা এর পেছনে কোনো অভিসন্ধি আছে কিনা তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

এর আগে ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।