logo

যুদ্ধের আগে হেগসেথের অস্ত্র ব্যবসায় বিনিয়োগের খবর প্রত্যাখ্যান করল পেন্টাগন

যুদ্ধের আগে হেগসেথের অস্ত্র ব্যবসায় বিনিয়োগের খবর প্রত্যাখ্যান করল পেন্টাগন

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে, ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিশাল অংকের বিনিয়োগের চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

আলজাজিরা জানায়, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে দাবি করে, যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে হেগসেথের হয়ে একজন সম্পদ ব্যবস্থাপক বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকরকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা খাতের একটি ফান্ডে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করা। এই ফান্ডের আওতায় লকহিড মার্টিন এবং নর্থরোপ গ্রাম্যানের মতো বড় বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছেন। ফিনান্সিয়াল টাইমসকে অবিলম্বে তাদের প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান।

পারনেল বলেন, ‘প্রতিরক্ষা সচিব হেগসেথ বা তার কোনো প্রতিনিধি এ ধরনের বিনিয়োগের বিষয়ে ব্ল্যাকরকের সঙ্গে যোগাযোগ করেননি। এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার।’

এদিকে বেনামি সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস লিখেছে, মর্গান স্ট্যানলিতে কর্মরত হেগসেথের ওই প্রতিনিধি শেষ পর্যন্ত বিনিয়োগটি করতে পারেননি, কারণ সেই সময়ে ওই নির্দিষ্ট ফান্ডটি কেনাবেচার জন্য উন্মুক্ত ছিল না।

প্রতিবেদনটি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনার আগাম তথ্য ব্যবহার করে কেউ আর্থিক বাজারে মুনাফা লুটছে কি না, তা নিয়ে সমালোচনা শুরু হয়। তবে বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকে প্রতিরক্ষা খাতের এই শেয়ারগুলোর দাম প্রায় ১৩ শতাংশ পড়ে গেছে। ফলে বিনিয়োগ করলেও এই এক মাসে সচিবের লাভ হওয়ার সম্ভাবনা ছিল না।

এখন পর্যন্ত ব্ল্যাকরক, মর্গান স্ট্যানলি বা ফিনান্সিয়াল টাইমস এ বিষয়ে পেন্টাগনের দাবির প্রেক্ষিতে নতুন কোনো মন্তব্য করেনি।