logo

কানাডায় স্থায়ী বসবাসের বিশেষ সুযোগ, মানতে হবে যেসব শর্ত

কানাডায় স্থায়ী বসবাসের বিশেষ সুযোগ, মানতে হবে যেসব শর্ত
কানাডার কুইবেক সিটি। ছবি: গেটি ইমেজেস

স্থায়ীভাবে বসবাসের বিশেষ সুযোগ দিচ্ছে উত্তর আমেরিকার দেশ কানাডা। ফরাসি ভাষায় দক্ষ হলেই এই সুযোগ পাবেন অভিবাসনপ্রত্যাশীরা। ইতোমধ্যে দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করার জন্য মোট ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসি ভাষায় দক্ষ এমন ব্যক্তিদের এই আমন্ত্রণ দেওয়া হয়।

সর্বশেষ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ড্রয়ে আরও ৫ হাজার প্রার্থীকে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর) জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়। আগেরদিন করা ড্রয়ে ৭৯২ প্রার্থীকে পিআর আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।

দেশটির অভিবাসন বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ড্রয়ে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমের (সিআরএস) স্কোর ছিল ৪০৭ এবং আগেরদিন ছিল ৭৬১।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ১২টি ড্রয়ে মোট ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ (ইনভাইটেশন) দেওয়া হয়েছে। বছরের শুরুর দিকে কয়েকটি ড্রয়ে তুলনামূলক বেশি প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তী সময়ে অধিকাংশ ড্রয়ে ৪ হাজার থেকে ৫ হাজার প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে।

আমন্ত্রণ পাওয়া এই সাড়ে ৬০ হাজার প্রার্থীকে ইতোমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। তারা পিআরের জন্য আবেদন করার আমন্ত্রণ পেয়েছেন মাত্র। আবেদন জমা দেওয়া, যোগ্যতা যাচাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সর্বশেষ ফরাসি ভাষাভিত্তিক ড্রয়ে ৫ হাজার প্রার্থীকে আমন্ত্রণ জানায়।

দেশটিতে দুটি সরকারি ভাষা হলো ইংরেজি ও ফরাসি। কুইবেকের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর বিকাশ, কর্মসংস্থান বাড়ানো এবং বিভিন্ন অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে ফরাসিভাষী অভিবাসীদের ভূমিকা বাড়াতে চায় সরকার। বিশেষ করে কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশে ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিতে দক্ষ কর্মী যুক্ত করা এই নীতির অন্যতম লক্ষ্য।

২০২৬ সালের জন্য কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা গ্রহণের সরকারি লক্ষ্যমাত্রা ৩০ হাজার ২৬৭ জন। ২০২৭ সালে এই লক্ষ্য বাড়িয়ে ৩১ হাজার ৮২৫ জন নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্যমাত্রার সঙ্গে এক্সপ্রেস এন্ট্রিতে দেয়া আমন্ত্রণের সংখ্যা এক নয়। আমন্ত্রণ পাওয়া সব প্রার্থী একই বছরে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন, এমন নিশ্চয়তাও নেই।

কানাডার এক্সপ্রেস এন্ট্রি হলো দক্ষ পেশাজীবীদের জন্য দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অন্যতম জনপ্রিয় ও দ্রুততম অনলাইন ইমিগ্রেশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মূলত বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।

দেশটিতে যারা পিআর ভিসায় স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে অভিবাসন হলো সবচেয়ে প্রচলিত পথ। এটি একটি পয়েন্ট-ভিত্তিক ব্যবস্থা; যেখানে দক্ষতা, কাজের অভিজ্ঞতা, কানাডায় চাকরির অবস্থা ও আঞ্চলিক মনোনয়নের ওপর ভিত্তি করে পয়েন্ট বরাদ্দ করা হয়।

আপনার সিআরএস স্কোর যত বেশি হবে, কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদনের আমন্ত্রণ (আইটিএ) পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। যেসব প্রার্থী কানাডার পিআর আবেদনের জন্য এক্সপ্রেস এন্ট্রি পদ্ধতি বেছে নেন, তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্সপ্রেস এন্ট্রি আবেদনগুলো ১২ মাসের জন্য বৈধ থাকে এবং এগুলো প্রক্রিয়াকরণে ৬-১২ মাস সময় লাগে।

চলতি বছরের শেষভাগের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট বিন্যাসে (সিআরএস) বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কানাডিয়ান উচ্চ-বেতনের কাজের অভিজ্ঞতা বা কোনো ভালো জব অফার থাকলে অতিরিক্ত সর্বোচ্চ ১৫০ পয়েন্ট পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশি জব অফারের জন্য আর কোনো এলএমআইএ (লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট) লাগবে না।

ফরাসি জানলেই কি পিআর পাওয়া যাবে?

না। ফরাসি ভাষায় দক্ষতা বিশেষ ড্রয়ে নির্বাচিত হওয়ার সুযোগ বাড়াতে পারে, তবে এটি পিআরের নিশ্চয়তা নয়। প্রার্থীদের সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, ভাষাগত দক্ষতার প্রমাণ, সিআরএস স্কোর এবং অন্যান্য শর্ত পূরণ করতে হয়।

তাই কানাডায় স্থায়ী বসবাসের পরিকল্পনা করছেন এমন বাংলাদেশিদের জন্য ফরাসি ভাষা শেখার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষার দক্ষতা এবং এক্সপ্রেস এন্ট্রির অন্যান্য শর্ত পূরণের প্রস্তুতিও গুরুত্বপূর্ণ।

ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য নিয়মিত বিশেষ ড্র অনুষ্ঠিত হওয়ায় কানাডায় অভিবাসনের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের সামনে একটি সম্ভাবনাময় পথ তৈরি হয়েছে। সঠিক যোগ্যতা ও পরিকল্পনা থাকলে ফরাসি ভাষায় দক্ষতা ভবিষ্যৎ অভিবাসন প্রচেষ্টায় বাড়তি সুবিধা দিতে পারে।