logo

ইরানে হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে

ইরানে হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে

ইরানের ওপর ইসরায়েল সামরিক হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। হামলার পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের নিজ নিজ এলাকায় নির্ধারিত নিরাপদ কক্ষ বা বোমা শেল্টারের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

সামরিক সূত্র জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবাইকে শেল্টারে প্রবেশের বাধ্যবাধকতা নেই বলে জানানো হয়েছে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় নাগরিকদের সরকারি নির্দেশনা ও হালনাগাদ তথ্যের প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে বিদেশে অবস্থানরত যাত্রীদের বিমান চলাচল পুনরায় শুরু সংক্রান্ত হালনাগাদ তথ্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট এয়ারলাইনের মাধ্যমে জানার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দৃশ্যমান ছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস দাবি করেছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।