সৌদি আরবে হুতির হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে পরিষদের সদস্যরা বিশেষ করে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।
নিরাপত্তা পরিষদের সদস্যরা গত ৭ আগস্টের বিবৃতির কথা উল্লেখ করে সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকিরও নিন্দা জানান তারা। জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন পরিষদের সদস্যরা।
হুতিদের উদ্দেশে নিরাপত্তা পরিষদ অবিলম্বে সামরিক উত্তেজনা এবং বেসামরিক মানুষ ও স্থাপনায় প্রভাব ফেলে এমন হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।
পরিষদের সদস্যরা বেসামরিক মানুষ নিহত ও আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছে, সংঘাত আরও বাড়লে দেশটির ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে পূর্ণ, নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পরিষদ। একই সঙ্গে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। তাদের মধ্যে জাতিসংঘের ৭৩ জন কর্মী ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও কূটনৈতিক মিশনের কর্মীরা রয়েছেন।
হুতিদের অস্ত্র, সামরিক প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও অর্থায়ন ঠেকাতে ইয়েমেন সরকারের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এ ক্ষেত্রে লক্ষ্যভিত্তিক অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার কথাও সদস্য রাষ্ট্রগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিষদের সদস্যরা সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের কথা পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পরিষদ। তারা বলেছে, টেকসই শান্তি ‘সহিংসতা, জবরদস্তি বা শক্তি প্রয়োগের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়।’
জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের নেতৃত্বে আলোচনার মাধ্যমে ইয়েমেনিদের নেতৃত্বে ও ইয়েমেনিদের মালিকানায় একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে নিরাপত্তা পরিষদ। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘের উদ্যোগে গঠনমূলকভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


