শান্তিচুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

এশিয়া পোস্ট ডেস্ক
শান্তিচুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুদ্ধ স্থায়ী বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তির আরও বিস্তারিত প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, চুক্তির অংশ হিসেবে বর্তমানে কাতারের হেফাজতে থাকা ইরানের অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার মূল্যের অর্থ সম্পদ ফেরত দেওয়া হবে।

Advertisement

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এক প্রতিবেদনে রোববার (২১ জুন) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব শর ইরানের পক্ষে রয়েছে। এই আলোচনা ও মধ্যস্থতার ইতিবাচক ফলাফল খুব দ্রুত সবার সামনে স্পষ্ট করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প তার সাম্প্রতিক ভাষণে ইরানের জন্য যে বিষয়গুলো নিষিদ্ধ করেছিলেন, চুক্তিতে সেগুলোর সবকটিকে ইরানি জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সুইজারল্যান্ডে চলমান এই উচ্চপর্যায়ের শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও খোঁচা দিতে ছাড়েননি ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, এই সমঝোতায় বিশ্বের মধ্যে নেতানিয়াহু প্রথম ব্যক্তি যিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট ও অসুখী হবেন।

পারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকার একমাত্র দাবি হলো, আমরা যেন পারমাণবিক বোমা তৈরি না করি।’ এই প্রসঙ্গে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধর্মীয় ফতোয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের শহীদ নেতাও স্পষ্ট করে বলে গেছেন, ইরান কোনো পারমাণবিক বোমা চায় না। আমেরিকা যখন আমাদের বলল ‘এটি কাগজে লিখে স্বাক্ষর করুন’—তখন আমরা তাতে সানন্দে স্বাক্ষর করেছি।’