logo

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৩, আহত প্রায় ৬০

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৩, আহত প্রায় ৬০
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা মানবিক সহায়তাবাহী ট্রাকগুলোর চারপাশে জড়ো হয়েছেন। ছবি: এইচআরডব্লিউ

অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। সোমবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে বাসাল বলেন, ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি জানান, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবির লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হন।

বাসাল বলেন, ‘আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর আমরা এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি।’

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, খান ইউনিস শহরের কাছেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য ব্যবহৃত আরেকটি তাঁবুতে হামলায় আরও একজন নিহত হয়েছেন।

এদিকে গাজা সিটির আল-রিমাল এলাকায় তৃতীয় একটি বিমান হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল।

গাজায় চলমান হামলায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরও আক্রান্ত হওয়ায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।