যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর প্রত্যাখ্যান করল ইরান

তেহরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার খবর জানায়, ইসমাইল বাঘাই বলেছেন, ‘যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তা মূলত মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া বার্তা, যেখানে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমি অবাক হই এটা ভেবে যে, আমেরিকায় কতজন মানুষ সে দেশের কূটনৈতিক দাবিগুলোকে গুরুত্ব সহকারে নেয়! আমাদের লক্ষ্য স্পষ্ট, কিন্তু অন্য পক্ষ প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ইরান শুরু থেকেই নিজের অবস্থানের বিষয়ে স্পষ্ট এবং আমরা খুব ভালো করেই জানি যে, আমরা কোন কাঠামোর কথা বিবেচনা করছি। আমাদের কাছে যেসব প্রস্তাব পাঠানো হয়েছে সেগুলো ছিল মাত্রাতিরিক্ত এবং অযৌক্তিক।’
পাকিস্তানের উদ্যোগ সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘পাকিস্তান যেসব বৈঠকের আয়োজন করছে তা তাদের নিজস্ব তৈরি একটি কাঠামো, যাতে আমরা অংশগ্রহণ করিনি। আঞ্চলিক দেশগুলো যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্বিগ্ন হওয়া ভালো ব্যাপার। তবে তাদের মাথায় রাখা উচিত, কারা এই যুদ্ধ শুরু করেছে।’