ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার খবরে কমলো তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার খবরে জ্বালানি তেলের দাম কমেছে। এ ছাড়া এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব দেখা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘ইতিবাচক’ মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ যুদ্ধ বন্ধের বিষয়ে বিবৃতি দেওয়ার পর বৃহস্পতিবার সকালে জ্বালানির দাম নিম্নমুখী হতে শুরু করে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯৪.৪৯ ডলারে নেমে আসে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের জ্বালানি তেলের দাম ৭০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০.৫৯ ডলারে দাঁড়িয়েছে।
একটি পাকিস্তানি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের মতপার্থক্য নিরসনে একটি বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বর্তমানে তেহরান সফরে রয়েছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার বিষয়ে কথা বলছেন বলে জানা গেছে।
তেলের দাম কমার পাশাপাশি বৃহস্পতিবার লেনদেনের শুরুতে এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের কোস্পি সূচক ১.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া হংকংয়ের শেয়ারবাজারের হ্যাং সেং সূচক ০.৬৮ শতাংশ এবং তাইওয়ানের টায়েক্স সূচক ০.৪৮ শতাংশ বেড়েছে।