logo

মধ্য ইসরায়েলে ইরানের রকেট হামলা, বেজে উঠলো সাইরেন 

মধ্য ইসরায়েলে ইরানের রকেট হামলা, বেজে উঠলো সাইরেন 

মধ্য ইসরায়েলে রকেট হামলা করেছে ইরান। এ সময় সমগ্র অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

বুধবার (২৫ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরান থেকে মধ্য ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হলে সাইরেন বেজে ওঠে। চ্যানেল ১২ জানিয়েছে, শ্যারন অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, একটি রকেট প্রতিহত করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে।

ইরান থেকে রকেট হামলার পর মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে—ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের সংখ্যা বেড়ে ৪,৯১৮ জনে দাঁড়িয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।

ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।