logo

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

বিশ্বের শীর্ষ পাঁচটি কৌশলগত চোকপয়েন্টের অন্যতম এবং সবচেয়ে সংকীর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বুধবার (১৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই আরাঘচিকে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধারের প্রচেষ্টা চালানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, কৌশলগত এই প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান এবং সুরক্ষা দেওয়ার পাশাপাশি এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা উচিত।

তিনি বলেন, প্রণালিটি খুলে দেওয়ার বিষয় সর্বসম্মত আগ্রহ রয়েছে। চীন যুদ্ধবিরতি বজায় রাখা ও আলোচনা পুনরায় শুরু করার পক্ষে। বর্তমান পরিস্থিতি সংঘাত ও শান্তির মধ্যে উত্তরণের এক সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং শান্তির একটি দ্বার উন্মোচিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রসারের বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চার দফা প্রস্তাবের চেতনায় কাজ করতে, পরিস্থিতির উত্তেজনা প্রশমনে সহায়তা অব্যাহত রাখতে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সুবিধা প্রদান করতে এবং চূড়ান্তভাবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত চীন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ব্যাপক প্রভাব পড়তে থাকে। জ্বালানি তেল ও গ্যাসের দামে দেখা দেয় ঊর্ধ্বগতি। যদিও দুই সপ্তাহ যুদ্ধবিরতিতে রয়েছে উভয় পক্ষ। তবে বিশ্ব অর্থনীতিতে এই প্রণালির বন্ধ থাকার প্রভাব প্রকট হওয়া চিন্তিত করেছে অর্থনীতিবিদদের।

সূত্র: বিসিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট