logo

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনীর একটি এএইচ-১এস কোবরা অ্যাটাক হেলিকপ্টার উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের পদ্ধতি অনুশীলন করা হচ্ছিল। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় গ্যাপিয়ং কাউন্টিতে এই দুর্ঘটনা হয়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে আহত দুই ক্রু সদস্যকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, হেলিকপ্টারটি সেনাবাহিনীর ১৫তম অ্যাভিয়েশন গ্রুপের। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশিক্ষণের জন্য উড্ডয়নের পর সিউল থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে গ্যাপিয়ং কাউন্টিতে বেলা ১১টা ৪ মিনিটে বিধ্বস্ত হয়।

সেনাবাহিনী জানিয়েছে, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের পদ্ধতি অনুশীলন করা হচ্ছিল। এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনী তাদের সব এএইচ-১এস কোবরা হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।