ইরান যুদ্ধের ফলে রাশিয়ার তেল রাজস্ব বেড়ে দ্বিগুণ

ইরান যুদ্ধের ফলে রাশিয়ার তেল রাজস্ব বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এবার এপ্রিল মাসে তেল উত্তোলনের ওপর রাশিয়ার ‘খনিজ নিষ্কাশন কর’ বেড়ে হবে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (৯ বিলিয়ন ডলার)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার ফলে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে রাশিয়ার প্রধান তেল রাজস্ব দ্বিগুণ হতে যাচ্ছে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার পর দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়। উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও এলএনজি (গ্যাস) প্রবাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যায়। তখন বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার আয়ও বৃদ্ধি পায়।
প্রাথমিক উৎপাদন তথ্য এবং তেলের দামের ওপর ভিত্তি করে রয়টার্সের হিসাব অনুযায়ী, এপ্রিল মাসে তেল উত্তোলনের ওপর রাশিয়ার ‘খনিজ নিষ্কাশন কর’ বেড়ে হবে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (৯ বিলিয়ন ডলার)। অথচ, মার্চ মাসে এ রাজস্বের পরিমাণ ছিল ৩২৭ বিলিয়ন রুবল।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়ার জন্য এটি একটি বিশাল অপ্রত্যাশিত লাভ। তেল ব্যবসায়ীদের মতে, ইরান যুদ্ধ সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে, যার সরাসরি সুফল পাচ্ছে রাশিয়া। রয়টার্সের এই পরিসংখ্যানটিই রাশিয়ার এই বাড়তি আয়ের প্রথম সুনির্দিষ্ট প্রমাণ।