logo

যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান

যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধবিরতি চাইছে। কিন্তু, ইরানের সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে ।

বুধবার (১ এপ্রিল) ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন।

তেহরান থেকে আলজাজিরার প্রতিনিধি আলী হাশেম জানিয়েছেন, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানের নতুন প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার যে দাবি করেছেন, ইরানের সরকার তা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধবিরতি চাইছে। দেশটির নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছেন।

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প ওই ইরানি নেতাকে কম উগ্র বলে জানিয়েছেন। তিনি বলেন, এ নেতা ইরানের আগের নেতাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। তিনি যুদ্ধবিরতি চাইছেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আবেদনও করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি যখন উন্মুক্ত করা হবে, যখন এ জলপথটি অবাধ ও নিরাপদ হবে, তখন আমরা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করব। তা না হলে আমরা ইরানকে ধ্বংস করে দেব। তাদের প্রস্তর যুগে নিয়ে যাব।

এরপরই ট্রাম্পের এ দাবি নাকচ করে দেয় ইরান। এর আগেও ট্রাম্প দাবি করেন যে ইরানের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। কিন্তু ওই বিষয়টিও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।