logo

ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ, প্রতিক্রিয়া জানাল চীন

ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ, প্রতিক্রিয়া জানাল চীন

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে ওমান উপসাগর পাড়ি দেওয়ার সময় মার্কিন নৌবাহিনী কর্তৃক জব্দ করা হয় ইরানের কন্টেইনারবাহী জাহাজ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের ফলে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। বিধায় এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

সোমবার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন ইরানি জাহাজ জব্দের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ বাণিজ্যিক পথের বর্তমান পরিস্থিতিকে ‘সংবেদনশীল ও জটিল’ উল্লেখ করেন।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ জোরপূর্বক আটকের ঘটনা ঘিরে চীনা মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।’ 

সেইসঙ্গে উত্তেজনা বৃদ্ধি বা সংঘাত উসকে দেওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকা জরুরি মনে করেন কুও চিয়াখুন। যেন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।

ধারণা করা হয়, ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে চীন। বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর পাল্টা চাপ প্রয়োগে চীনকে ব্যতিব্যস্ত করার জন্যই হয়তো মার্কিন অবরোধটি আনা হয়েছে।

সূত্র: বিবিসি