হরমুজ নিয়ে চাপে ট্রাম্প, তবে কি চীন সফর বাতিল

হরমুজ প্রণালি বন্ধ করে রীতিমতো যুক্তরাষ্ট্রের গলায় কাঁটা বিধিয়েছে ইরান। দিশাহারা হয়ে এখন প্রণালি চালু রাখতে দারস্থ হতে হচ্ছে বিভিন্ন দেশের কাছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক বাহিনীতে সজ্জিত যুক্তরাষ্ট্র যেন নাকানিচুবানি খাচ্ছে ইরান উপকূলে। এমন নাস্তানাবুদ অবস্থায় চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ নিয়ে নতুন তথ্য জানাল হোয়াইট হাউস।
সোমবার (১০ মার্চ) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, চলতি ফেব্রুয়ারি মাসের শেষে চীন সফরের কথা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে নির্ধারিত সময়ে এই সফর হওয়ার সম্ভাবনা খুব কম। যদিও তিনি এর কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি।
সমালোচকদের ধারণা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে পেন্টাগনের দুর্দশা দেখে হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প। হতাশা থেকেই হয়তো এই সফর পেছানো হচ্ছে।
লিভিট বলেন, দুই দেশের নেতাদের মধ্যে আলোচনা চলছে। নতুন তারিখ ঠিক হলেই জানানো হবে। তিনি এটাও স্পষ্ট করেন যে, ট্রাম্প চীন সফরে যেতে আগ্রহী, তবে এই মুহূর্তে ‘অপারেশন এপিক ফিউরি’র সাফল্য নিশ্চিত করাই তার এক নম্বর অগ্রাধিকার।
পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল ও গ্যাস সরবরাহ হয়। ইরান এই পথ নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।
লিভিট বলেন, চীন ও ন্যাটো মিত্র দেশগুলোর উচিত এই প্রণালি খোলা রাখতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো। তার যুক্তি, মার্কিন সামরিক পদক্ষেপের সুফল তারাও পাচ্ছে, তাই দায়িত্বের ভাগও নেওয়া উচিত। তবে এখন পর্যন্ত কোনো দেশই এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি।